জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের পর রাষ্ট্রযন্ত্রকে সচল রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, যা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।
সোমবার (রাত ৯টা ১৫ মিনিটে) সম্প্রচারিত ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণটি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
প্রধান উপদেষ্টা বলেন, গুম-খুনসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি যেন আর ফিরে না আসে। তিনি উল্লেখ করেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
তার নেতৃত্বাধীন সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়েই শেষ হবে তার প্রায় দেড় বছরের দায়িত্বকাল।

