সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির ট্রাক, ভোরে প্রাণহানি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শওকত বেপারী (৩৫)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলা কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। গুরুতর আহত মো. ইমরান মন্ডল (৩০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা মোড়দহ গ্রামের আবদুল আজিজের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। এ সময় দ্রুতগতির আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় সামনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে আহত হন। অন্যদিকে পেছনের ট্রাকের হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে তাকে উদ্ধার করেন।

পরে আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান মন্ডলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ

এই বিভাগের আরও