পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ—সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালিস্থ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।
রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির প্রবণতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, এতে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সরকারের এ উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান–এর অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি জনগণের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়া দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল–এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন–এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

