সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিলেট অঞ্চলে ভূমিকম্প ঝুঁকি স্মরণ করিয়ে দিল নতুন কম্পন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

- Advertisement -

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। হঠাৎ কম্পনে কর্মব্যস্ত মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত দেশের কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সিসমোলজিক্যাল সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মূলত ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’ অ্যাপ অনুযায়ী, ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে অবস্থিত ছাতক ছিল কম্পনের কেন্দ্র।

বিশেষত্ব হলো, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশে বিরল। গভীরতার কারণে কম্পনের তীব্রতা ততটা শক্তিশালী ছিল না, ফলে বড় ধরনের স্থাপনা ধসের ঝুঁকি কম ছিল। তবে সীমান্তবর্তী এলাকায় ছাতক, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের মানুষ তুলনামূলক বেশি কম্পন অনুভব করেছেন।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীর বহুতল ভবন থেকে অনেককে রাস্তায় নেমে আসতে দেখা গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য আফটারশক পরীক্ষা করছেন।

সিলেট ও তৎসংলগ্ন অঞ্চল দীর্ঘদিন ধরে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ জোনে রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করছে এবং জরুরি পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় করণীয় অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও