সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুর্বল প্রতিষ্ঠান শক্তিশালী করাই সরকারের অগ্রাধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামের মানুষ কষ্টে রয়েছে—এটি শুধু আবেগের বিষয় নয়, বরং একটি বাস্তব সামাজিক সত্য। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ধাপে ধাপে তাদের কষ্ট দূর করতে সরকার কাজ করছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

মন্ত্রী বলেন, একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিনটি স্তরের সমন্বিত প্রচেষ্টা জরুরি। ভিন্নমত ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও দুর্বল রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে। জনগণের করের অর্থে পরিচালিত রাষ্ট্র হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।

গত পনের বছরে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল ও কার্যকর করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তার মতে, শক্তিশালী প্রতিষ্ঠানই একটি উন্নয়নমুখী রাষ্ট্রের ভিত্তি এবং জনগণের আস্থা পুনরুদ্ধারই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনা।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নির্বাচনি ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা সামাজিক চুক্তি।

তিনি বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠন সম্ভব হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও