সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘সংস্কারের সঙ্গে প্রতারণা’ করেছে বলে অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তার ভাষ্য অনুযায়ী, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণভোটে আসা গণরায়ের অবমূল্যায়ন।
তিনি বিএনপির সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নেই।”
ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি কার্যকর ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে গড়ে তুলে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না হলে বাংলাদেশ আগের মতোই থেকে যাবে এবং কাঠামোগত পরিবর্তন সম্ভব হবে না।

