রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দুই মাস পর দিল্লিতে বাংলাদেশি ভিসা সেবা পুনরায় চালু

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে বাংলাদেশের ভিসা কার্যক্রম আবারও শুরু হয়েছে। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম India Today–এর খবরে বলা হয়, শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য বাংলাদেশ ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল। বাংলাদেশ হাই কমিশনের বরাত দিয়ে জানানো হয়, সব ধরনের ভিসা পরিষেবা এখন স্বাভাবিকভাবে চালু রয়েছে।

গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে।

একই রাতে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। পরবর্তীতে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখে।

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে বিএনপির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরে ফল ঘোষণার দিন বিকেলে টেলিফোনে তার সঙ্গে কথা বলেন তিনি এবং সহযোগিতার আশ্বাস দেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকার পক্ষ থেকে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিকে বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রমও শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়াকে কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও