মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শহীদ মিনার এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশে পুলিশ গুলি চালায়। এতে সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না–জানা অনেকে শহীদ হন।
পরবর্তীতে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তান সরকার। ভাষা আন্দোলনের সেই ধারাবাহিকতা পরিণতি পায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে, যার মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

