পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নিতে তাকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারের প্রথম অংশ প্রকাশিত হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে শেষ পর্ব।
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তাকে যেন বঙ্গভবনে গৃহবন্দি করে রাখা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাষ্ট্রপতির জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেওয়ার রেওয়াজ চলে আসছে। তবে মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের সময় সেই রেওয়াজে বাধা দেওয়া হয় বলে দাবি তার।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল—ঈদের নামাজে অংশ নিতে তিনি জাতীয় ঈদগাহে যেতে পারবেন না।
তিনি আরও বলেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে বঙ্গভবনে আয়োজন করা হয়। প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রধান উপদেষ্টাকে দাওয়াত জানানো হলেও তিনি অনুষ্ঠানে অংশ নেননি।
রাষ্ট্রপতির মন্তব্য, সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও এটি সৌজন্যবোধের বিষয়।
প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর বিদায় নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে চলতি মাসে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নতুন নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পরই প্রকাশ্যে এ মন্তব্য করলেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকারে তার বক্তব্যে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সময়কার নানা অভিজ্ঞতা ও অসন্তোষের কথা।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

