নতুন সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের স্বার্থেই বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকারের নিজস্ব কর্মসূচি, অগ্রাধিকার ও পরিকল্পনা রয়েছে। সেসব বাস্তবায়নে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন আনা হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন জায়গায় ইতোমধ্যে পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনে আরও হবে বলেও জানান তিনি।
কোন বিবেচনায় আহসান এইচ মনসুরকে সরানো হয়েছে— এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি। অনেক জায়গায় হয়েছে এবং এটি চলমান প্রক্রিয়া।”
তিনি এ ধরনের পরিবর্তনকে “খুব স্বাভাবিক” বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তবে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় তার নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়।

