রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কিউএমজি পদে লে. জেনারেল শাহীনুল হক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদল হয়েছে। এতে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

- Advertisement -

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এতদিন ন্যাশনাল ডিফেন্স কলেজ–এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা শাহীনুল হককে কিউএমজি করা হয়েছে। আর গত অক্টোবর থেকে কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

শাহীনুল হক এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং আর্মি হেডকোয়ার্টার্সের মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

অন্যদিকে ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতির আগে স্বল্প সময়ের জন্য ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)–এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।

টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এক সময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন।

এদিকে রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও