স্বাস্থ্যসেবায় মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়াতে সিভিল সার্জনদের অফিসকেন্দ্রিক না থেকে নিয়মিত ভিজিটে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা–য় সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “সিভিল সার্জনদের অফিসে বসে থাকলে চলবে না, মাঠে গিয়ে সেবা তদারকি করতে হবে।” তিনি জানান, স্বাস্থ্যব্যবস্থাকে আরও নিরবচ্ছিন্ন ও সহজলভ্য করতে চিকিৎসকদের পছন্দের কর্মস্থলে পদায়নের উদ্যোগ নেওয়া হবে। তার মতে, চিকিৎসকরা পছন্দের জায়গায় কাজ করলে সেবার মান বাড়বে।
স্বাস্থ্য খাতের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অবকাঠামো নির্মিত হলেও চিকিৎসাসেবা চালু হয়নি—এসব প্রতিষ্ঠান দ্রুত চালু করা হবে।
উদাহরণ হিসেবে তিনি নরসিংদীর ১৫০ শয্যার হাসপাতালের কথা উল্লেখ করেন, যা এখনো চালু হয়নি। এ ধরনের স্থাপনা দ্রুত কার্যক্রমে আনার পাশাপাশি প্রয়োজনে নতুন অবকাঠামোও গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও বলেন, ডাক্তারসহ সংশ্লিষ্ট সবাইকে সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্যখাতে বিদ্যমান শূন্য পদ দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় জনবল দিয়ে সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই পান। পাশাপাশি ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। জনবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ বা অচল হয়ে থাকা হাসপাতালগুলোও চালুর কার্যক্রম চলছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

