রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজা-র সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গেই সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে তার ছবি ব্যবহার না করে। এর আগে কয়েক দিন আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে তিনি তা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।
সরকারি কাজের প্রচারের চেয়ে ব্যক্তিগত স্তুতি প্রচারকে তিনি নিরুৎসাহিত করছেন বলেও জানা গেছে।
এদিকে সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে কার্যালয়ে পৌঁছে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জলদস্যুতা, মানবপাচার ও অবৈধ চোরাচালান রোধে নিয়মিত টহল বাড়ানোর তাগিদ দেন তিনি।
পাশাপাশি দেশের মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়। সামুদ্রিক সীমানায় অস্থিতিশীলতা রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও এদিন ইতিবাচক একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভিআইপি প্রটোকল বা রাস্তা বন্ধ না করে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যান চলাচলের গতি বেড়েছে।
গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা বর্তমানে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অনুসরণ করে রাষ্ট্রপতি ও মন্ত্রীরাও একই নিয়ম মানছেন বলে জানানো হয়।
বাজার পরিস্থিতি নিয়েও সজাগ রয়েছেন প্রধানমন্ত্রী। প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের দাম বৃদ্ধির খবর নজরে আসার পর তিনি খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর ফলে খুচরা বাজারে চালের দামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে।
জনদুর্ভোগ কমাতে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

