ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার খবর দিয়েছে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম।
খবরে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে।
বিষয়টি প্রথম প্রকাশ করে লন্ডনভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়।
মার্কিন প্রভাবশালী দৈনিক দ্যা নিউ ইয়র্ক টাইমস–এর খবরে বলা হয়েছে, মোজতবাকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থিদের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
৩৬ বছর দেশ শাসন করা আয়াতুল্লাহ আলি খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। আহত হওয়ার পর তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহরও মৃত্যু হয়।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডস (বিপ্লবী গার্ড বাহিনী) জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে বড় পরিসরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
খামেনির কোনো আনুষ্ঠানিক মনোনীত উত্তরসূরি ছিল না। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।

