আন্তর্জাতিক বাজারে বড় পতনের পর দেশে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
বুধবার (৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য, তেজাবি (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে— ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা।
বিশ্ববাজারে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনার জেরে গত তিনদিন স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও আজ দরপতন দেখা গেছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৫ হাজার ১৬৪ ডলার, যা গতকাল ছিল ৫ হাজার ৩৫৯ ডলার।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল। সে সময় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বাড়ায় বাজুস। এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

