লেবাননে ইরানের দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে থাকা ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার এ হুঁশিয়ারি দেন দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি।
বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্র’ বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।
তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে।
শেকারচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা বা বিরোধ নেই।”
ইসরায়েলের হুমকির জবাবে তিনি আরও বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।
তিনি সতর্ক করে বলেন, “যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।”
চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ‘পরাস্ত করার’ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

