শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসপি ফুডকে ৫ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও নানা অনিয়মের অভিযোগে বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বুধবার (৪ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে স্যাঁতসেঁতে ও তৈলাক্ত ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, ননফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে টমেটো সস প্রস্তুতের গরম পাল্প সংরক্ষণ, তেলাপোকা ও ছারপোকার প্রাদুর্ভাবসহ একাধিক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চিত্র ধরা পড়ে।

এছাড়া কারখানায় উৎপাদিত খাদ্যপণ্য ‘চুটকি’র লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করা হয় এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহারের প্রমাণ মেলে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য অফিসার ফারহান ইসলাম জানান, একটি খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করে বেশকিছু অনিয়ম পাওয়া গেছে। এসব অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২ (খ) ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং নতুন চান্দগাঁও থানা, সিএমপি চট্টগ্রামের একটি চৌকস টিম সার্বিক সহায়তা প্রদান করে।

সর্বশেষ

এই বিভাগের আরও