চট্টগ্রাম নগরীর চকবাজার ও গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ জরিমানা করেন।
চকবাজার এলাকার ‘সাতকানিয়া ভাত ঘর’-এ অভিযান চালিয়ে রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং জিলাপি তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার ‘হোম রেসিপি অ্যান্ড সুইটস’-এ নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ, খোলা ডাস্টবিন, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ এবং মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখার প্রমাণ মেলে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা ফারহান ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

