শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খামেনির মৃত্যুতে ছয় দিন পর ভারতের শোকবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ছয় দিন পর শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম BBC–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানান, “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরানের দূতাবাসে গিয়ে শোকবইয়ে সই করেছেন।”

তিনি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি–র সঙ্গে ফোনে কথা বলেন। এস জয়শঙ্কর নিজেই এক্সে এ তথ্য নিশ্চিত করেন। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

গত শনিবার ভোরে খামেনি নিহত হন। ইরান ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া না থাকায় দেশটির ভেতরে ও বাইরে সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন মোদি। তবে হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও