বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টেকসই পণ্যের বাজারে পাটের সম্ভাবনা কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে।

- Advertisement -

শুক্রবার (৬ মার্চ) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। একই সঙ্গে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব এখন টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। তাই পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। পলিথিন ব্যাগ পরিহার করে সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী নতুন, আধুনিক, মানসম্মত ও নান্দনিক পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পাটখাতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নতুন নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি পাটচাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পণ্যের মান সংরক্ষণ, নতুন ডিজাইন উদ্ভাবন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে পাটখাতকে আরও শক্তিশালী করার কথা বলেন।

তিনি জানান, বর্তমান সরকার পাটখাতকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে গবেষণা সম্প্রসারণ, উচ্চফলনশীল জাতের বীজ উদ্ভাবন এবং পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। এর ফলে পাটখাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ১১ লাখের বেশি কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। এতে কৃষি ও পাটখাতে কর্মচাঞ্চল্য বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া আগামী পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলেও জানান রাষ্ট্রপতি। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ভর্তুকি, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি প্রশিক্ষণ এবং ডিজিটাল মাধ্যমে আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য পেতে পারবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভার্চুয়ালি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নয়দিনব্যাপী ‘পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা’র উদ্বোধন করেন।

পাটখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ১৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় পাট দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব বিলকিস জাহান রিমি, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও