চলতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে বিদ্যমান জ্বালানিসংকট বিবেচনায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনে দেশে ঐতিহ্যগতভাবে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে এবার জ্বালানি সাশ্রয়ের স্বার্থে সেই আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মব ও স্পট ক্রাইম ভিন্ন বিষয়। সব অপরাধকে মব হিসেবে আখ্যায়িত করা ঠিক নয়।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, নরসিংদীতে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্তে দেখা গেছে, এতে তার সৎবাবা জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে মব সংস্কৃতি বিলুপ্ত করা সম্ভব।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁরা ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করবেন। এতে ঈদে মানুষ স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা মাঝেমধ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিলেও বাস্তবে তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যায় না। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।

