রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের অনুমোদনের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

- Advertisement -

রোববার (৮ মার্চ) তিনি বলেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যেকোনো নতুন নেতার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন হবে, অন্যথায় তিনি ‘বেশিদিন টিকবেন না’।

কৌশলগত দিক তুলে ধরে ট্রাম্প জানান, তিনি চান না ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ুক।

তিনি বলেন, “আমি চাই না মানুষকে পাঁচ বছর পর আবারও ফিরে গিয়ে একই কাজ করতে হোক, কিংবা তার চেয়েও খারাপ—তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসুক।”

তবে ইরান ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার জানান, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা কেবল ইরানের জনগণের কাজ এবং তারা যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছে।

ইরানের জ্যেষ্ঠ আলেম আহমদ আলমোলহোদা জানিয়েছেন, বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য ভোট দিয়েছে। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।

এর আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার আশা করেন। এ সময় সম্ভাব্য প্রার্থী এবং খামেনির ছেলে মোজতবা খামেনিকে তিনি ‘অযোগ্য’ বলে মন্তব্য করেন।

এদিকে গত সপ্তাহে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। রোববার এই হামলা নবম দিনে গড়িয়েছে এবং এতে ১ হাজার ৩০০-এরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জবাবে তেহরানও ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও