মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ করছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।
তবে কিছু পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মজুদ, খোলা বাজারে বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।
এ অবস্থায় জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধ, নির্ধারিত দামের বেশি দামে বিক্রি রোধ, খোলা বাজারে বিক্রি বন্ধ এবং পাচার প্রতিরোধে জেলা প্রশাসকদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাজারে জ্বালানি তেলের নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনার অংশ হিসেবে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানও পরিচালনা করা হয়েছে।
রোববার তেজগাঁও ও মহাখালী এলাকার কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, কিছু পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েকটিতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে সরবরাহ বন্ধ রয়েছে।
অভিযানে তেজগাঁওয়ের ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন এবং মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে নিয়ম মেনে জ্বালানি বিক্রি চলতে দেখা গেছে।
অন্যদিকে তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, আরএস এন্টারপ্রাইজ ও রয়েল ফিলিং স্টেশন এবং মহাখালীর তশোফা ফিলিং স্টেশনে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেগুলো সাময়িকভাবে ‘ড্রাই’ অবস্থায় ছিল।
এছাড়া মহাখালীর সোহাগ ফিলিং স্টেশনে প্রায় ৩ হাজার ৫০০ লিটার অকটেন মজুদ থাকার তথ্য পাওয়া গেলে পরিমাপ শেষে পুনরায় বিক্রি চালুর অনুমতি দেওয়া হয়। তবে সেখানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রেস বিজ্ঞপ্তি পাম্পে টানানো ছিল না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

