পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠ-এ নগরীর ৪১টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বাংলাদেশের নারীরা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই সেবার যথাযথ মূল্যায়ন আগে কখনো হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে মূল্যায়নের জন্য গৃহকর্ত্রীদের বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে, যা তাদের হাতে একটি অর্থনৈতিক শক্তি তৈরি করবে।
মন্ত্রী আরও বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এই উদ্যোগ নিয়েছে। কার্ড বিতরণে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি এবং সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করেছেন।
তিনি উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখিয়েছে—নেতৃত্ব সঠিক থাকলে সব সম্ভব।
ফ্যামিলি কার্ডকে একটি স্মার্ট কার্ড হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, ভবিষ্যতে জাতীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমেই প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালু থাকবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরীর ৫ হাজার ৫৭৫ জন নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে।

