শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সরকার গঠনের পরই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু—প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই দলটির সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, যাদের মানুষ কোনো বাধ্যবাধকতা ছাড়াই সম্মান করে এবং জীবনের কঠিন মুহূর্তে যাদের কাছ থেকে ভালো পরামর্শের আশা করে।

তিনি বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতারাও উপস্থিত রয়েছেন। পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করার প্রতিশ্রুতি বিএনপি জাতীয় নির্বাচনের আগে জনগণকে দিয়েছিল।

তিনি আরও বলেন, জনগণের রায়ে সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তারেক রহমান জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিতরণ করা হবে। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু হলো। যাদের প্রয়োজন, তাদের সবাইকে পর্যায়ক্রমে এই সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর দেশকে দাঁড় করাতে চায় সরকার, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও