শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে প্রতারক চক্রের তিন সদস্য আটক, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণ

নিলামের মাধ্যমে পণ্য পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ১২ হাজার ৪৯০ টাকা, দুই ভরি স্বর্ণালংকার এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানার এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন খানের নেতৃত্বে এসআই সঞ্জয় শর্শা, এসআই কাজী আবিদ হোসেনসহ একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে কক্সবাজার সদর থানার সুগন্ধা সৈকত এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. দিদারুল আলম (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ২ লাখ ৪০ হাজার ৪৯০ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়, যার মোট ওজন দুই ভরি।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসা থেকে আরও ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এরপর অভিযানের ধারাবাহিকতায় খুলশী থানার নাছিরাবাদ এলাকা থেকে মামলার আরেক আসামি মো. আব্দুল কাদের (৭২)কে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে কলোনির একটি বাসা থেকে আরও ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তে পাওয়া আরেক আসামি মো. কামাল হোসেন (৪৪)’কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চট্টমেট্রো-থ-১২-৮২২৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন পণ্য কম দামে কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করে।

পুলিশ আরও জানায়, এর আগেও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেগুলো আদালতে বিচারাধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও