বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে দেশে না থাকে, সেজন্য কাজ চলছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পুলিশ হবে সৎ, মানবিক এবং জনগণের বন্ধু।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
আইজিপি বলেন, “দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া সমাজ চলবে না। হাসপাতালে শিশুর জন্মের পর শিশুকে নিরাপদ রাখতে, কবর দিতে গেলে কঙ্কাল চুরি রোধ করতে—প্রতিটি ক্ষেত্রে পুলিশ অপরিহার্য। আপনারা পুলিশকে সহযোগিতা করুন।”
তিনি আরও জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এই গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে বাড়তি নজরদারি এবং চেকপোস্ট থাকবে। হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশ সমন্বয়ে অতিরিক্ত সদস্য টহল দেবে।
প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদকমুক্ত করতে হবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

