সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দূরপাল্লা বাসে আর কোনো জ্বালানি সীমাবদ্ধতা নেই—শেখ রবিউল আলম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ সকল গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “সড়কপথে আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাত থেকেই বাসসহ অন্যান্য গণপরিবহনে তেল নেওয়ার কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং প্রয়োজন অনুযায়ী তারা জ্বালানি নিতে পারবে।”

মন্ত্রী জানান, বিআরটিসির অধীনে চলাচলকারী বাসগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে বাসগুলো নির্ধারিত সময় মেনে ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। পরিবহনগুলো শিডিউল অনুযায়ী চলাচল করছে।

তিনি আরও সতর্কবার্তা দেন, “জ্বালানি সংকটের অজুহাতে কোথাও ভাড়া বাড়ানো বা অগ্রিম টিকিট ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সরকারের নির্দেশনার পর এমন অনৈতিক চেষ্টা বন্ধ হয়েছে।”

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যেসব স্থানে নির্মাণকাজ চলছিল, সেসব স্থান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। এতে দুই থেকে তিনটি লেন সচল রাখা হয়েছে এবং যেখানে চার লেন রয়েছে, সব লেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মহাসড়কের জ্বালানি পাম্পগুলো ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সম্ভাব্য যানজটের ঝুঁকিপূর্ণ ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন, সব প্রস্তুতি মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং সড়কে দীর্ঘ সময় আটকে থাকবেন না। এছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপানোও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও