উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছেড়েছে। প্রায় চার ঘণ্টা যাত্রা শেষে এটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাসকে ভর্তি করা হবে।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। পরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হয়।
মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল রয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। এর আগে গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

