মা মাছ ও প্রজনন পরিবেশ রক্ষায় হালদা নদী-তে বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানে নদী থেকে ৮ হাজার ৮০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
সোমবার (১৬ মার্চ) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মো. শওকত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, হাটহাজারী উপজেলা।
অভিযান চলাকালে মাদার্শা মাছুয়াগোনা থেকে ছিপাতলী পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় পুরালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ২টি, আইডিএফ হ্যাচারির পাশ থেকে ১টি, চেংখালি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে ১টি, মেখলের মোজাফফরপুর থেকে ১টি এবং ছিপাতলী এলাকা থেকে ৩টিসহ মোট ১১টি চরঘেরা জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদী-র মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং কার্পজাতীয় মাছসহ অন্যান্য মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

