সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ঈদযাত্রায় বিপর্যয়, সান্তাহারে ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অন্তত সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিশেষ করে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা পড়ে গিয়ে বেশি আহত হয়েছেন।

এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয় এবং সেখান থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনটির ৬ থেকে ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর চেষ্টা চলছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকিপূর্ণ প্রবণতা বেড়েছে, যা এ ধরনের দুর্ঘটনায় হতাহতের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও