পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই শিক্ষা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে সহায়তা করে, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করা। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
প্রধানমন্ত্রী আহ্বান জানান, ঈদের আনন্দ যেন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়া হয়।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বাণীর শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ-জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

