বুধবার, ৮ এপ্রিল ২০২৬

শাওয়ালের চাঁদে জাগে আনন্দ, ঈদের সুরে মুখর দেশ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্‌যাপিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর

- Advertisement -

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এবারের ঈদ ঘিরে বিশ্বজুড়ে এক ভিন্ন বাস্তবতা দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সেখানে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়—এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকলো।

অন্যদিকে আফগানিস্তান, মালি ও নাইজার-এ বৃহস্পতিবারই ঈদ উদ্‌যাপিত হয়েছে। আবার সিঙ্গাপুর আগেই শনিবার ঈদের ঘোষণা দিয়েছিল। ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বজুড়ে ঈদের সময়সূচিতে এই ভিন্নতা দেখা দেয়।

এদিকে রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে শুরু করে জাতীয় ঈদগাহ—সবখানেই এখন ঈদের প্রধান জামাত আয়োজনের অপেক্ষা।

ঈদের আনন্দে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে নগর ছেড়ে গ্রামের পথে ছুটছে মানুষ।

সর্বশেষ

এই বিভাগের আরও