বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কঠিন সময় আসছে, তেলের দাম বাড়বে: মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে এবং যুদ্ধের প্রভাবে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে পারে।

- Advertisement -

সোমবার (২৩ মার্চ) সকালে রায়পুর ইউনিয়ন-এর নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সামনে খুব ভালো সময় না। যুদ্ধ আমাদের অনেক ক্ষতি করছে। সামনে তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দামও বাড়বে। এসব সয়ে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”

ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “একটি দলের নেতারা মানুষকে বেহেশতে নেওয়ার কথা বলে বিভ্রান্ত করে। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “সৎ থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়।”

তেল সংকট নিয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে সরবরাহ কমে গেছে। তবে কোনো অবস্থাতেই ফিলিং স্টেশন ভাঙচুর করা গ্রহণযোগ্য নয়। “আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না, মবকে কঠোরভাবে দমন করা হবে,” বলেন তিনি।

কৃষি খাতের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে। কৃষকদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি জানান, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় কাজ করছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে এবং সারাদেশে কয়েক কোটি নারীকে এ কার্ডের আওতায় আনা হবে।

এছাড়া দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে বড় প্রকল্পের কথাও জানান তিনি। “সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে,” বলেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও