সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রতি লিটার জেট ফুয়েল ২০২ টাকা, আন্তর্জাতিকে ১.৩২ ডলার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি সভা শেষে নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্যহার আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২০২ দশমিক ২৯ টাকা। অন্যদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মূসক ছাড়া) ১ দশমিক ৩২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। সংস্থাটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-এর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ৮ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১১২ দশমিক ৪১ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ছিল ০.৭৩৮৪ মার্কিন ডলার।

বিইআরসি সূত্রে জানা গেছে, গত ৫ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক প্লাটস রেটের গড় এবং বিপিসির এলসি সেটেলমেন্ট বিবেচনায় নতুন এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

জরুরি এই সভা অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে বিইআরসি, বিপিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও