পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার থেকে খুলছে।
প্রায় ৪০ দিনের এই দীর্ঘ ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬)। তবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ, রোববার থেকে।
সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল।
এদিকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর করা হয়।
ছুটি শেষে আগামী রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল।
এদিকে রমজান মাসজুড়ে বিদ্যালয়গুলো বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ৪ এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান চলবে।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠবে দেশের শিক্ষাঙ্গন—ফিরবে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রম।

