পার্শ্ববর্তী দেশসহ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে রাখা সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকারের পূর্বপরিকল্পনার কারণেই দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসে সরকারের অর্জন এবং সামনে থাকা চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ করে বোরো মৌসুমে কৃষকদের সেচকাজে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ভর্তুকির মাধ্যমে তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।
তেল চোরাচালানের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এটি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।
বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যদের করণীয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

