বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতেই এই চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের মূল দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই চার্জ বাতিলের দাবি জানানো হচ্ছিল। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

