চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা এবং একটি কালো রঙের টয়োটা মাইক্রোবাসসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় ডিবি টিম-০৪ এর সদস্যরা উপ-পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন রাজুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মার্চ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মো. জাবের (৪১), মনিরুল ইসলাম (৫২), মোহাম্মদ সালাম (৩১)।
এসময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ২ লাখ টাকা এবং একটি কালো টয়োটা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৫৪, তারিখ: ৩০ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। ২০১২, ২০১৯ ও ২০২৪ সালে যশোর জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগরে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

