শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চাঁদাবাজিকে কেন্দ্র করে মিরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -

এ সময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। আহতরা হলেন—সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল ও মো. ফারুক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক দিয়ে পূর্বদিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক থেকে ১ হাজার টাকা এবং বালুবোঝাই ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হতো।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে এই টাকা তোলা হতো।

পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর আলমগীর ও মাসুদ কালাকে সরিয়ে নুর উদ্দিনসহ কয়েকজনকে চাঁদা তোলার দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকেই দুই গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।

মঙ্গলবার চাঁদা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর আলমগীরের লোকজন হামলা চালায়। ফারুকের ওপর হামলার খবর পেয়ে তার সমর্থকরা ঘটনাস্থলে ছুটে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক ও বালুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা আরও জানান, এর আগেও বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। এসব কারণে এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও