মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দাবি করেছেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির বেশির ভাগ শীর্ষ নেতা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া এই ভাষণ শুরু করেন তিনি। বক্তব্যের শুরুতেই নাসার ‘আর্টেমিস-২’ (আর্টেমিস-টু) চন্দ্র অভিযান মিশনের সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানান ট্রাম্প এবং চাঁদের উদ্দেশে যাত্রা করা নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।
এরপর তিনি এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে এবং দেশটির সামরিক শক্তি বড় ধরনের ধাক্কা খেয়েছে।
ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে (ইসরায়েল) ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, তারা অসাধারণ কাজ করেছে এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেবে না।
ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, বিভিন্ন দেশের ওপর হামলার প্রেক্ষাপটে এটি স্পষ্ট যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
পুরো ভাষণে ট্রাম্প ইরান যুদ্ধের অগ্রগতি, মিত্রদের সমর্থন এবং ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

