বুধবার, ৮ এপ্রিল ২০২৬

হামে ৪৭ শিশুমৃত্যু—স্কুল বন্ধ ও জরুরি টিকাদান চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন।

রিটটি আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে। এতে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন করা হয়েছে। রিটে জানতে চাওয়া হয়েছে, কেন হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতাকে অবৈধ, স্বেচ্ছাচারী ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধার ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে দুর্বলতা দেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

রিটে আরও বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু করতে হবে। পাশাপাশি টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট ও আইসিইউ স্থাপনসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও