বুধবার, ৮ এপ্রিল ২০২৬

আতঙ্কে জ্বালানি কেনা, দেড় দিনের তেল বিক্রি হচ্ছে দুই ঘণ্টায়: জ্বালানিমন্ত্রী

ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগে দেড় দিনে যতটা তেল বিক্রি হতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, অতিরিক্ত কেনাকাটার কারণে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

মন্ত্রী আরও জানান, ইরান পরিস্থিতির পর হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে। একটি ফুয়েলিং পাম্পে আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই পরিমাণ দেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত ক্রয়ের কারণে দ্রুত মজুত শেষ হয়ে যাচ্ছে।

এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান মজুত শেষ হওয়ার আগেই বিকল্প উৎস থেকে পর্যাপ্ত তেল আমদানি করা হবে।

এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান।

অন্য এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, আপাতত আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নেই। ভোলায় উৎপাদিত গ্যাস শিল্পকারখানা স্থাপনের লক্ষ্যে খুলনা অঞ্চলে সরবরাহ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও