সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০—এই তিন ক্যাটাগরিতে এখন পর্যন্ত সাতবার আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, নেপাল দুইবার এবং বাংলাদেশ এবারসহ দুবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
সব বয়সভিত্তিক ক্যাটাগরি মিলিয়ে এবার চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। এর আগে তিনবারই হারের তিক্ত অভিজ্ঞতা থাকলেও এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো ফাইনালে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। রোনান সুলিভানের আক্রমণ, মিঠু চৌধুরীর হেড এবং একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র ছিল। দুই দলই আক্রমণে গেলেও রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়নি। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।
নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে সাফ অনূর্ধ্ব-২০ আসরে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ দল।

