দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, করোনাভাইরাসের মতো হামও নিয়ন্ত্রণে আনা সম্ভব।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, রোববার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে বেশি সংক্রমিত ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালানো হবে। পরে ধাপে ধাপে তা আরও জেলায় সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। যারা ইতোমধ্যে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হাম টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হামের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চিকিৎসকরাও এ পরিস্থিতি সামাল দিতে সক্ষম।
এ সময় তিনি জানান, টিকাদানের পাশাপাশি আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।

