চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-র ভূজপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) ও জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ইটভাটার জন্য কৃষিজমি থেকে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তে পানি জমে ছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত সাকি ওই পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে সানজিদাও পানিতে নামে। পরে দু’জনই ডুবে যায়।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, একজনকে উদ্ধার করতে গিয়ে আরেকজনও একই দুর্ঘটনার শিকার হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পানিভর্তি গর্ত দ্রুত ভরাটের দাবি জানিয়েছেন।

