বুধবার, ৮ এপ্রিল ২০২৬

পাঁচলাইশে পারিবারিক মাদক সাম্রাজ্যের পতন—১০,৫০০ ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

চট্টগ্রামে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযানে সফলতা পেয়েছে সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশ। একই পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩২ হাজার টাকা এবং বিভিন্ন আলামতসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)-এর সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন)-এর তত্ত্বাবধানে, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৬ এপ্রিল রাতভর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতেই হিলভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে হারেজা বেগম চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি স্বীকার করেন, তার স্বামী আব্দুর রহিমসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান সম্প্রসারণ করে এবং একই চক্রের আরও সদস্যদের গ্রেফতার করে। পরবর্তী অভিযানে হিলভিউ এলাকার একাধিক বাসা থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রয়ের নগদ অর্থ, পরিবহন সংক্রান্ত রিসিট এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত হট বক্স।

পুলিশ জানায়, পুরো চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে পারিবারিক আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও সদস্যদের শনাক্তের কাজ চলছে। সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার অস্তিত্বও পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই অভিযান পাঁচলাইশ এলাকায় সক্রিয় একটি বড় মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও