চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-তে মোবাইল ফোন মেরামত না করাকে কেন্দ্র করে অভিমান করে নুরতাজ আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নুরতাজ স্থানীয় বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা মোবাইল ফোন মেরামত না করে দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে সে এই পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না।
নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে তিনি বাসা থেকে বের হওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিতে বলেন। পরে ছোট বোনেরা বাড়িতে ফিরে নুরতাজকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মেয়ের মৃত্যুর ঘটনায় শোকে ভেঙে পড়ে তিনি বলেন, “এই মেয়েই ছিল আমার সবকিছু। তাকে ছাড়া আমি কীভাবে বাঁচব।”
এ বিষয়ে আনোয়ারা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে অভিমান থেকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

