মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তার দেওয়া আলটিমেটামের সময় দ্রুত ফুরিয়ে আসছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, “আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো পুনর্গঠন করা যাবে না।”
ট্রাম্প বলেন, তিনি এমন পরিস্থিতি চান না, তবে এটি ঘটতে পারে বলেই আশঙ্কা করছেন। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের ভেতরে নেতৃত্ব পরিবর্তনের ফলে ভিন্নধর্মী কোনো ইতিবাচক পরিস্থিতিও তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, “আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে আসছে।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দীর্ঘ ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও সহিংসতার অবসান ঘটতে পারে এবং ইরানের জনগণের জন্য নতুন ভবিষ্যৎ উন্মোচিত হতে পারে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি-কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলছে।

