শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নারী আসনের তফসিল ঘোষণা—১২ মে ভোট, মনোনয়ন ২১ এপ্রিল পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আর প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। সবশেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

- Advertisement -

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সংসদের সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে সরাসরি জনগণের ভোট হয় না। সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই এসব আসনের জন্য ভোট দিয়ে থাকেন। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, দল বা জোটগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যার সমান প্রার্থী মনোনয়ন দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে থাকেন।

আইন অনুযায়ী, সাধারণ আসনে জয়ী দলগুলোর আসন অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে হিসেবে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট পাবে ১টি আসন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যার ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও